নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) ইসি সচিব আখতার আহমদের স্বাক্ষরিত তফসিল থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তিনি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।
এরপর শূন্য আসনে ভোট আয়োজনের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।