স্বাধীন সংবাদ বিনোদন:
তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী রুবা মজুমদারের প্রকাশিত হলো তার নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতোমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে।
জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে ভালোবাসার কথা প্রকাশের আহ্বান জানানো হয়েছে গানটির কথায়। ‘রেখো না দ্বিধা মনে, বলে দাও কানে কানে’—এমন কথামালার মধ্য দিয়ে ফুটে উঠেছে ভালোবাসার অনুভূতি, অপেক্ষা এবং প্রিয় মানুষকে মনের কথা জানিয়ে দেওয়ার বার্তা।
‘মেঘে ঢাকা চাঁদ’ গানটির কথা ও সুর করেছেন এস আই খোকন। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটি প্রসঙ্গে রুবা মজুমদার বলেন, ‘ভীষণভাবে চাই গানটা মানুষের কাছে পৌঁছাক। মানুষ বাংলা গানের চর্চা ও অভ্যাসে থাকুক। আরও আরও ভালো গান করতে চাই, সুন্দর সুন্দর গান গাইতে চাই।’
প্রকাশিত গানটির ভিডিও নির্মাণ করেছেন যৌথভাবে এমডি সাইদুজ্জামান পলাশ ও রুবা মজুমদার। এ ছাড়া চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বেও ছিলেন পলাশ।