মেসির ইচ্ছায় মায়ামির কোচ বদল? গুঞ্জন উড়িয়ে দিলেন হোয়োস

স্পোর্টস ডেস্ক:

ইন্টার মায়ামির কোচিং স্টাফে পরিবর্তন এসেছে। গুইলেরমো হোয়োসকে সরিয়ে দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজকে। তার নিয়োগে লিওনেল মেসির ভূমিকা রয়েছে—এমন গুঞ্জন উঠলেও তা সরাসরি নাকচ করেছেন হোয়োস।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ওয়ার্ক পারমিট পাওয়ার পর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন গঞ্জালেজ। ততদিন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হোয়োস।

শুক্রবার সকালে হোয়োসকে প্রশ্ন করা হয়, গঞ্জালেজকে নিয়োগের পেছনে মেসির কোনো ভূমিকা ছিল কি না। জবাবে তিনি বলেন, ‘না, না। এটা ক্লাবের সিদ্ধান্ত ছিল।’

মেসির প্রভাব সম্পর্কে হোয়োস বলেন, ‘তার মতো ব্যক্তিত্ব ও সেরা খেলোয়াড়দের কাছ থেকে যেমনটা প্রত্যাশা করা হয়, মেসিরও তেমন প্রভাব রয়েছে বলে আমি মনে করি। অন্য ক্লাবেও এমনটা দেখা যায়। যেমন বোকা জুনিয়র্সে, পারেদেসের মতো খেলোয়াড়ের সঙ্গে হয়তো আলোচনা করবেন। কারণ বোকায় সে একজন মর্যাদাপূর্ণ খেলোয়াড় এবং কোচের থাকা বা নতুন কোচ আসার বিষয়ে তার কথার গুরুত্ব রয়েছে।’

মেসি ও গঞ্জালেজের পরিচয় অবশ্য নতুন নয়। একসময় আর্জেন্টিনা জাতীয় দলে সতীর্থ ছিলেন তারা। ২০০৫ সালে পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুজন একসঙ্গে খেলেছেন।

এবার অবশ্য ভিন্ন ভূমিকায় তাদের দেখা যাবে। টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর গঞ্জালেজ ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *