বিনোদন ডেস্ক:
মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোচনায় অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’। গত শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে শুধু হিন্দিভাষী দর্শকরাই নন, মালয়ালি দর্শকদের একাংশও ছবিটির নির্মাণ ও গল্পের সমাপ্তি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিক্রিয়ায় দেখা গেছে, মালয়ালম সংস্করণের তুলনায় অজয় দেবগন অভিনীত হিন্দি ‘দৃশ্যম ৩’-এর গল্প ও নির্মাণকে বেশি জমজমাট মনে করছেন কেউ কেউ।
সম্প্রতি এক মালয়ালম কনটেন্ট নির্মাতার ‘দৃশ্যম ৩’ নিয়ে প্রকাশিত রিভিউ ভিডিওও আলোচনায় এসেছে। সেখানে তিনি জানান, আগে হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রতি মালয়ালি দর্শকদের একটি অংশের আগ্রহ তুলনামূলক কম ছিল। তবে তৃতীয় কিস্তির নির্মাণ ও গল্পের সমাপ্তি তাদের সেই ধারণায় পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেন তিনি।
ওই কনটেন্ট নির্মাতার ভাষ্য, হিন্দি ছবির নির্মাতারা ‘দৃশ্যম’-এর সমাপ্তি ভালোভাবে উপস্থাপন করেছেন। আগে হিন্দি সিক্যুয়েলগুলো না দেখলেও তৃতীয় পর্ব দেখে তিনি প্রশংসা করতে বাধ্য হয়েছেন। তার মতে, মূল মালয়ালম সংস্করণের পরিচালক জিতু জোসেফের সরাসরি সহায়তা ছাড়াই হিন্দি নির্মাতারা নতুনভাবে চিত্রনাট্য সাজিয়েছেন।
ওই ভিডিওর মন্তব্যের ঘরেও মালয়ালি দর্শকদের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ অজয়ের ‘দৃশ্যম ৩’-এর নির্মাণকে মোহনলাল অভিনীত মালয়ালম সংস্করণের তুলনায় বেশি পছন্দ করার কথা জানিয়েছেন। একজন মন্তব্যকারী মালয়ালম সংস্করণকে নাট্যধর্মী মনে হলেও হিন্দি সংস্করণের নির্মাণশৈলীর প্রশংসা করেছেন।
তবে মোহনলালের ভক্তদের অনেকে ভিন্নমতও জানিয়েছেন। তাদের মতে, গল্পের টুইস্ট বা নির্মাণের ধরন নিয়ে আলোচনা থাকলেও অভিনয়ের ক্ষেত্রে মোহনলালের পারফরম্যান্সকে আলাদা করে দেখা উচিত।
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির হিন্দি সংস্করণের প্রথম দুটি কিস্তি মূল মালয়ালম ছবির রিমেক হলেও তৃতীয় পর্বে এসেছে বড় পরিবর্তন। হিন্দি সংস্করণের পরিচালক অভিষেক পাঠক ও অভিনেতা অজয় দেবগন মূল গল্পের বাইরে গিয়ে নতুন চিত্রনাট্যের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি টানার পরিকল্পনা করেন। এ বিষয়ে মূল মালয়ালম সংস্করণের অভিনেতা মোহনলালের সম্মতিও নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে মুক্তির প্রথম দিনেই অজয়ের ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে বড় সাড়া পেয়েছে বলে ট্রেড অ্যানালিস্টদের বরাতে জানানো হয়েছে। ভারতে প্রথম দিনে সিনেমাটি প্রায় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে বলে দাবি করা হয়েছে। বিশ্বব্যাপী প্রথম দিনের আয় ৯৫ কোটি রুপি ছাড়িয়েছে বলেও জানা গেছে।
প্রথম দিনের এই আয়ের মধ্য দিয়ে ‘দৃশ্যম ৩’ অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম বড় উদ্বোধনী ব্যবসা করেছে বলে ট্রেড বিশ্লেষকদের দাবি।