
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মৎস্যজীবীদের অধিকার, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দেশের ছয়টি মৎস্যজীবী সংগঠনের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ জুন ২০২৬ ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও মৎস্য জগতের পুরোধা ব্যক্তিত্ব জনাব ইসরাফিল পণ্ডিত।
সভায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, জাতীয় মৎস্যজীবী সমিতি, বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি, বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত মৎস্যজীবী শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি পদপ্রার্থী (প্রস্তাবিত কমিটি) জনাব নাদিম চৌধুরী। তিনি সকল সংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন যে, এখন থেকে দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়সহ কেন্দ্রীয় পর্যায়ের সংশ্লিষ্ট সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক সহযোগিতা করার পাশাপাশি মৎস্যজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে পারস্পরিক আলোচনা, মতামত ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ব্যক্তিগত অনুরাগ-বিরাগ কিংবা দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে মৎস্যজীবীদের সামগ্রিক কল্যাণকে প্রাধান্য দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে ছয়টি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে পরবর্তী সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হবে। ওই সভায় মৎস্যজীবীদের কল্যাণ, সংগঠন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও মৎস্য জগতের পুরোধা ব্যক্তিত্ব জনাব ইসরাফিল পণ্ডিত বলেন, “মৎস্যজীবীদের অধিকার, মর্যাদা ও জীবনমান উন্নয়নের জন্য সকল সংগঠনকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, জবাবদিহিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। আমরা জাতীয় স্বার্থ ও মৎস্যজীবী সমাজের উন্নয়নে ভবিষ্যতেও একযোগে কাজ করে যাব।”