মৎস্য মন্ত্রণালয়ে লুৎফুর রহমান কাজলকে দেখতে চায় মৎস্যজীবী দল

সিনিয়র স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে একটি জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। দলটির নেতৃবৃন্দ রাষ্ট্রনায়ক ও তারেক রহমান–এর কাছে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানান।

নেতারা বলেন, আপসহীন নেতৃত্ব ও আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের কাছে তারা মৎস্যখাতের স্বার্থে বিশেষ অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, বিএনপির নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজলকে মৎস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হোক।

মৎস্যজীবী দলের প্রস্তাবিত কমিটির সভাপতি, চট্টগ্রাম জেলার কৃতি সন্তান নাদিম চৌধুরী এবং কেন্দ্রীয় প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট কামরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “মৎস্যখাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। উপকূলীয় অঞ্চলের লাখো জেলে পরিবার এ খাতের ওপর নির্ভরশীল। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে লুৎফুর রহমান কাজল কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

নেতৃবৃন্দের মতে, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি মৎস্যখাতের বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কাজল। মাঠপর্যায়ে তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা মৎস্য মন্ত্রণালয় পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন।

তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, জেলেদের সামাজিক নিরাপত্তা, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণ এবং রপ্তানি সম্ভাবনা বৃদ্ধিতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। এ প্রেক্ষাপটে লুৎফুর রহমান কাজলকে মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান মৎস্যজীবী দলের নেতারা।

এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *