যাত্রাবাড়ীতে নারীর চার টুকরা মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে একটি বাসা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী দুলাল (৫০) কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনকল পেয়ে রোববার রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকার ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

দাম্পত্য কলহের কথা জানাল পুলিশ

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিরিন বেগমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে গত রাতে কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার পর মরদেহের মাথা ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

মরদেহ মর্গে, চলছে মামলার প্রক্রিয়া

পুলিশ জানায়, নিহত শিরিন বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালী গ্রামে। তাঁর বাবার নাম মৃত সোহরাব আলী। নিহতের এক ছেলে চট্টগ্রামে এবং এক মেয়ে গাজীপুরে থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *