আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো বৈঠকে বসার পরিকল্পনা নেই ইরানের। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে ওই সূত্র নিউইয়র্কে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা হতে পারে—এমন বিভিন্ন প্রতিবেদনকে নাকচ করে দিয়েছে।
সূত্রটি জানায়, গত মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় ইরানের অবস্থান ও শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় নিউইয়র্কে দুই দেশের মধ্যে নতুন করে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানি সূত্র।
ইরানি সূত্রের বরাতে আরও জানা গেছে, বর্তমানে ইরানি প্রতিনিধি দলের নির্ধারিত কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো দফায় আলোচনার বিষয়টি নেই।
নির্ধারিত কর্মসূচি শেষ করে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে চলতি সপ্তাহে নিউইয়র্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অধিবেশনকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং সম্ভাব্য আলোচনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তবে নতুন বৈঠকের বিষয়ে ইরানি প্রতিনিধি দলের পক্ষ থেকে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে সূত্রটি জানিয়েছে।