নিজস্ব প্রতিবেদক:
দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে গেছে দুই পরিবারের বসতঘর। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, দুটি গরু ও পূজার জন্য কেনা নতুন কাপড়সহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তাঁদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে বসতঘরে আগুন দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাম দয়াল মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নারায়ণ চৌধুরী ও বিজয় চৌধুরীর অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁদের বসতঘরে আগুন দিয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণ চৌধুরী বলেন, তাঁদের দুটি ঘর পুড়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, পূজার জন্য কেনা কাপড়সহ ঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন বলেও জানান তিনি।
বিজয় চৌধুরী জানান, তাঁদের ঘর ও পাশের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। একই সময়ে আরেকটি বাড়িতেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে তাঁর দাবি।
ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে নগদ ৩০ হাজার টাকা, আসবাবপত্র ও দুটি গরুসহ অন্তত ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটা ও উৎসবের প্রস্তুতি চলছিল পরিবার দুটিতে। কিন্তু আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে এখন তাঁরা দিশাহারা।
রাউজান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। একাধিক স্থানে আগুন থাকায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। এ সময় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।