আবু সায়েদ:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা এলাকায় দেড় বছর বয়সী শিশু কানিজ ফাতেমা হত্যা মামলায় নারীসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে অসুস্থতার কারণে প্রধান দুই আসামির রিমান্ড স্থগিত রাখা হয়েছে।
মামলার আসামিরা হলেন চরমোহনা ইউনিয়নের তোফায়েল আহমেদ (৬০), তার স্ত্রী ফিরোজা বেগম (৫০) ও তাদের মেয়ে নিশু আক্তার (২৫)। তিনজনই বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। তোফায়েল চিকিৎসাধীন এবং ফিরোজা অসুস্থ থাকায় তাদের রিমান্ড কার্যকর হয়নি। কারাবন্দি নিশু আক্তারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
গত ৭ ফেব্রুয়ারি রাতে পশ্চিম চরমোহনা গ্রামে এক প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন অভিযোগ করেন, পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জেরে তার মেয়েকে হত্যা করে মরদেহ গোপন করা হয়।
রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, তিন আসামিই কারাগারে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া চলছে।