নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে রিয়াদের বিভিন্ন হাসপাতালে ২৪ জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। এ পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যুর খবরও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পথপরিক্রমা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
চলমান সংঘাতে বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, সংঘাতে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত পরিস্থিতির অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, জ্বালানির উৎস বহুমুখীকরণ ও জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার কাজ করছে। সম্ভাব্য সরবরাহঝুঁকি কমাতে বিকল্প উৎস অনুসন্ধান করা হচ্ছে।
তিনি জানান, জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে রয়েছেন। সেখানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। তবে জ্বালানি সরবরাহে তাৎক্ষণিকভাবে বড় ধরনের বিঘ্ন ঘটার কোনো ইঙ্গিত সরকার পায়নি বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিলে তা শুধু বাংলাদেশের জন্য সীমাবদ্ধ থাকবে না; বিশ্বের অন্যান্য দেশও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সম্ভাব্য সংকট মোকাবিলায় জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তুতি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মধ্যপ্রাচ্যের সংঘাত প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। তাঁর ভাষ্য, এ অঞ্চলে কর্মরত কিছু বাংলাদেশি ইতোমধ্যে চাকরি হারিয়ে দেশে ফিরেছেন। আবার অনেকে কর্মহীন অবস্থায় রয়েছেন।
সৌদি আরবে ৩০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন উল্লেখ করে তিনি বলেন, চলমান সংঘাত বিদেশে কর্মসংস্থান ও রেমিট্যান্সের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ ও বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে সরকার।
এদিকে, সৌদি আরবে হামলার ঘটনায় বাংলাদেশ ও রিয়াদের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়েছে। এতে বিভিন্ন বিমান সংস্থার ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় প্রভাব পড়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের মোট ১০টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএসের গবেষণা ফেলো আয়েশা বিনতে তৌহিদ, গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, গবেষণা ফেলো এএসএম তারেক হাসান সেমুল এবং গবেষণা পরিচালক ড. সুফিয়া খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। তিনি অধিবেশনে সভাপতিত্ব করেন।