প্রযুক্তি ডেস্ক:
আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক অর্জন করেছে বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’। ভারতের হায়দরাবাদে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ দলটি।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ব্রোঞ্জপদকজয়ী দলের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক, মো. আজমাইন শেখ রুবায়েদ ও সাম্মান রাহিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো—‘টিম ব্লুপ্রিন্ট’, ‘টিম অডিসি এক্স’, ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’।
এর মধ্যে ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে সপ্তম স্থান অর্জন করে ‘টিম অডিসি এক্স’। এ দলের সদস্য আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক।
ব্রোঞ্জপদকজয়ী দলের সদস্য আজমাইন শেখ রুবায়েদ বলেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন তাঁদের জন্য আনন্দের। প্রতিযোগিতার পুরো সময়ে বিভিন্ন দেশের দক্ষ দলগুলোর সঙ্গে কাজ ও প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছেন তাঁরা। এতে অন্যদের কাছ থেকে শেখার পাশাপাশি নিজেদের দক্ষতাও যাচাই করতে পেরেছেন। এ অর্জন ভবিষ্যতে আরও ভালো করার জন্য তাঁদের অনুপ্রেরণা দেবে।
আন্তর্জাতিক বিচারক রেদওয়ান ফেরদৌস বলেন, এবার বাংলাদেশের দলগুলোর জন্য যাত্রাটি সহজ ছিল না। নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ দলগুলো মেধা, দক্ষতা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে অন্যান্য দেশের শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। টিম ব্লুপ্রিন্টের তৃতীয় স্থান অর্জন তাদের পারফরম্যান্সের স্বীকৃতি।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের ন্যাশনাল অর্গানাইজার ও বাংলাদেশ দলের দলনেতা প্রমি নাহিদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে শুধু রোবট তৈরি করাই যথেষ্ট নয়। সমস্যা বিশ্লেষণ, সময় ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং দলগত সমন্বয়ও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দলগুলো প্রতিকূলতা সামলে নিজেদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরেছে। এ অভিজ্ঞতা ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হয়। জাতীয় পর্বে ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ২৬টি এবং রংপুর বিভাগে ১২টি দল অংশ নেয়।
জাতীয় পর্বের আগে শিক্ষার্থীদের রোবোটিকস ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণে উৎসাহিত করতে দেশের পাঁচটি জেলায় যৌথভাবে ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।