Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
লামা পুলিশের সফল অভিযান: চট্টগ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

লামা পুলিশের সফল অভিযান: চট্টগ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ রাসেল:

বান্দরবানের লামা থানা পুলিশের এক সফল যৌথ অভিযানে একটি গুরুতর হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি লুৎফুর রহমান (৩২) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

গ্রেপ্তারকৃত লুৎফুর রহমান লামা পৌরসভার টিটিএন্ডডিসি এলাকার নুরুল ইসলামের সন্তান।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দণ্ডবিধি আইনের ৩০২/৩৯২ ধারায় (হত্যা ও ডাকাতি অপরাধে) আদালত লুৎফুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই আইনি সাজা এড়াতে ছদ্মনাম ব্যবহার করে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গতকাল রাতে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়ার পর লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সরাসরি নির্দেশনায় একটি বিশেষ দল গঠন করা হয়। উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত এই চৌকস দলে অভিযানে আরও অংশ নেন এসআই সত্যজিৎ বড়ুয়া, এএসআই প্রকাশ ঘোষ এবং সঙ্গীয় পুলিশ ফোর্স। যৌথ দলটির সুনিপুণ কৌশলে চট্টগ্রামের বাকলিয়া থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাজ শেষে আসামিকে কঠোর পুলিশি পাহারায় বান্দরবান বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানের বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গণমাধ্যমকে বলেন, “অপরাধী যত বড়ই হোক বা যত দূরেই পালিয়ে থাকুক না কেন, পার পাওয়ার কোনো সুযোগ নেই। লুৎফুর রহমান যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। আমাদের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ওসি আরও স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেন, “লামা থানা এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত এবং নিরাপদ রাখতে আমাদের এই অভিযান কোনো সাময়িক পদক্ষেপ নয়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মগোপনে থাকা পলাতক অপরাধীদের আইনের মুখোমুখি করতে আমাদের এই চিরুনি অভিযান আগামী দিনগুলোতেও সমভাবে অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *