কামরুল ইসলাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ঢেউ টিন ও ত্রাণসামগ্রী বিতরণের লক্ষ্যে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ত্রাণ কমিটির সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলার ৯টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দ করা ঢেউ টিন বিতরণের টোকেন সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে টোকেনপ্রাপ্ত উপকারভোগীদের তালিকা, বিতরণ কার্যক্রমের সময়সূচি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে নেওয়া এ মানবিক উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, আগামী ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকেল ৩টায় লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউ টিন ও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে।
টোকেনপ্রাপ্ত সকল উপকারভোগীকে নির্ধারিত সময়ের মধ্যে বিতরণস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র অথবা প্রযোজ্য পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
লোহাগাড়া সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ বলেন, বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক সংগঠন ও বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে সমিতির পক্ষ থেকে ঢেউ টিন ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল, ব্রিকফিল্ড মালিক সমিতির পরিচালক ও ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, জামায়াতে ইসলামীর দায়িত্বশীল তৈহিদুল ইসলাম তৈহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করা দাতা, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ত্রাণসামগ্রী যথাযথভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িকভাবে হলেও উপকৃত হবে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে তাদের সহায়তা হবে।
লোহাগাড়া সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে বন্যাদুর্গত সব পরিবারের দুর্ভোগ ও কষ্ট লাঘবে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে কামনা করা হয়।