শাহজালালে তিন যাত্রীর ব্যাগে ৬৩১ কার্টন সিগারেট, জব্দ ৩২ লাখ টাকার পণ্য

বিশেষ প্রতিনিধি:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। যাত্রী মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

সব মিলিয়ে তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *