মোঃআনজার শাহ
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের কল্যাণ ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধনী অংশে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছরোপণ করা হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট বল-বেট, ব্যাডমিন্টন র্যাকেটসহ বিভিন্ন খেলার সরঞ্জাম বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবাদী সচেতনতা বৃদ্ধি করা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং একটি সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ছাত্রদলের সভাপতি মো. জহুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আল-আমিন ও যুগ্ম সম্পাদক মো. রিপন পাশা। এছাড়া উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার প্রেসিডেন্ট সনক দ্রাবিড় ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ভূঁইয়া। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মশিউর রহমানসহ শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি একটি পরিবেশবান্ধব ও সুন্দর ক্যাম্পাস গড়ার দায়িত্ব সবার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, এ ধরনের ইতিবাচক ও জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
রয়েল ইউনিভার্সিটি ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, “শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের জন্য” এই প্রতিজ্ঞার সঙ্গে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।