শিক্ষার মানোন্নয়নে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংলিশ ক্লাব পরিদর্শন ইউএনও ও এসিল্যান্ডের

মোঃ আনজার শাহ

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংলিশ ক্লাব পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।

পরিদর্শনকালে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি ও সহকারী কমিশনার (ভূমি) ডা. বিশাল দাশ ক্লাবের নানা কার্যক্রম ঘুরে দেখেন। ইংলিশ ক্লাবের কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিদ্যালয়ে ইংরেজি ভাষাচর্চার পরিবেশ সম্পর্কে তাঁরা খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তাঁরা বিদ্যালয়ের হাজিরা বহিতে স্বাক্ষর করেন।

শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের মতে, পাঠ্যবইয়ের সীমানা ছাড়িয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী ভাষাচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত চর্চা ও সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংকোচ কেটে যায় এবং ভাষা ব্যবহারের আত্মবিশ্বাস জন্মায়।

ইংরেজি আজ কেবল একটি পাঠ্যবিষয় নয়; উচ্চশিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম প্রধান বাহন। তাই বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা সময়ের দাবি। এই বাস্তবতাকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের এমন সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এই পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার মধ্যে নতুন উৎসাহ-উদ্দীপনার সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের মেধা, মনন ও যোগাযোগ দক্ষতা বিকাশে ইংলিশ ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে—এমনই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *