মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বারদী আশ্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে আগত লাখো ভক্ত-অনুরাগীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ উপলক্ষে মঙ্গলবার (২ জুন) আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
উৎসবকে কেন্দ্র করে বারদী আশ্রম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এ ব্রিফিংয়ে।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ সুপার বলেন, “শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হবে। উৎসবে অংশগ্রহণকারী সবাই যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”
তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা, জনসমাগম নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তি ও বস্তু শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা এবং জনবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উৎসবকে কেন্দ্র করে বারদী আশ্রম এলাকা এবং আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।
ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সোনারগাঁও উপজেলার বারদী পর্যটন কেন্দ্রে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাসভবন ও লাইব্রেরি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য তারা বদ্ধপরিকর। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসবকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা উৎসবে অংশগ্রহণকারী ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।