শ্রী শ্রী সরস্বতী পূজা-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রদর্শনী পরিদর্শনে সিটি প্রশাসক

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ: “শ্রী শ্রী সরস্বতী পূজা-২০২৬” উপলক্ষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল এই আয়োজন পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর মাননীয় প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নূর কুতুবুল আলম, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অত্র অপরাজিতা নগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা সরস্বতী পূজার তাৎপর্য, বাঙালি সংস্কৃতি, গ্রামীণ জীবনচিত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সমসাময়িক সামাজিক বিষয়াবলি তুলে ধরে চিত্রাঙ্কন করে। অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, রঙের ব্যবহার ও শিল্পমানের ভূয়সী প্রশংসা করেন।

সিটি প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও নৈতিক চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় শিক্ষাবান্ধব কার্যক্রমে পাশে থাকবে।”

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম তার বক্তব্যে বলেন, “সরস্বতী পূজা জ্ঞান, সৃজনশীলতা ও সংস্কৃতির প্রতীক। আজকের এই চিত্রাঙ্কন প্রদর্শনী প্রমাণ করে আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক শিক্ষায় নয়, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতেও সমানভাবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে।”

তিনি আরও জানান, সিটি কর্পোরেশন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে বিভিন্ন সহায়ক উদ্যোগ গ্রহণ করা হবে।

অপরাজিতা নগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার আয়োজনে সহযোগিতার জন্য সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করে।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *