সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ গঠন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে গঠিত হলো ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি)।

মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের এক বৈঠকে এ কাউন্সিল গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন নয়াদিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, দ্য নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে সম্পাদকরা বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের শাসনামলে সংবাদমাধ্যমের যে অবক্ষয় ঘটেছে, তা থেকে উত্তরণে নতুন এ সংগঠন তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনতে সম্পাদকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং যত দ্রুত সম্ভব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তথ্য অপরিবর্তিত রেখে শুধু বানান, বিরামচিহ্ন ও ভাষার প্রাঞ্জলতা সংশোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *