স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের সখীপুরে প্রকাশ্যে দিনে-দুপুরে কাটা হচ্ছে পাহাড়ি লাল মাটি। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি বাজারের পূর্ব পাশে ভাতগড়া এলাকায় মানিক মেম্বারের বাড়ির পাশে গত তিন দিন ধরে মাটি কাটার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র নিয়মিতভাবে পাহাড়ি লাল মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে এলাকার পাহাড়ি ভূমির পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ঘটনায় সিরাজ, মনির, মানিক ও ফারুকের নাম উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে প্রতিনিয়ত মাটি কাটার অভিযোগ রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
বিষয়টি সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগকারীদের দাবি, এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে, টাঙ্গাইলের জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, পাহাড়ি লাল মাটি কাটা বন্ধে দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।