স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক এম গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক পরিবার। একটি পুরোনো মামলায় গ্রেপ্তারের কারণে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নিতে না পারায় বিষয়টি নিয়ে সাংবাদিক ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে গ্রেপ্তারের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সাংবাদিক পরিবারের নেতারা।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকায় ম্যাক্স হাসপাতালের সামনে থেকে সাংবাদিক এম গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ। ২০২৪ সালে সংঘটিত একটি টমটম পোড়ানোর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া এম গিয়াস উদ্দিনের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায়। তিনি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্বের শিক্ষার্থী। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাঁর এলএলবি শেষ পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি। কিন্তু পরীক্ষার আগের দিন গ্রেপ্তার হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়।
কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার জানিয়েছেন, শুক্রবারের পরীক্ষায় গিয়াস উদ্দিনের দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি বিষয়ে অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষার ঠিক আগের দিন তাঁর গ্রেপ্তারের ঘটনায় সহপাঠী ও পরিচিতজনদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, ২০২৪ সালের টমটম পোড়ানোর মামলায় গিয়াস উদ্দিন ৪৮ নম্বর এজাহারনামীয় আসামি। ওই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, সাংবাদিক এম গিয়াস উদ্দিনের গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক পরিবার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট কামরুল ইসলাম।
তিনি বলেন, কক্সবাজারের চকরিয়া থানায় সাংবাদিকরা যেভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। অন্য থানাগুলোর তুলনায় চকরিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
কামরুল ইসলাম আরও বলেন, সাংবাদিকরা ওসি আরিফুর রহমানের কী ক্ষতি করেছেন যে তাঁদের বারবার হয়রানি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে? একজন সংবাদকর্মী একই সঙ্গে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তাঁর পরীক্ষার ঠিক আগের দিন গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছি। কোনো সাংবাদিক অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে হয়রানি বা নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধ না হলে সাংবাদিক পরিবারের নেতৃত্বে মানববন্ধনসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাই চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি, সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করুন। অন্যথায় সাংবাদিকদের ন্যায্য আন্দোলন ঠেকানো কঠিন হবে।
সাংবাদিক পরিবারের নেতারা মনে করেন, সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কোনো