সাতকানিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কামরুল ইসলাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় এক সন্তানের জননীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো ঘটনা—তা নিয়ে এলাকাজুড়ে আলোচনা চলছে।

ঘটনাটি শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় শ্বশুরবাড়িতে ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস নয়ন (২২)। তাঁর স্বামী মনোয়ার হোসেন সৌদি আরবে প্রবাসী। তাঁদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে, সকালে নয়ন ও তাঁর শাশুড়ি একসঙ্গে নাস্তা করেন। পরে সকাল আনুমানিক ১০টার দিকে শাশুড়ি বাড়ির পাশের কচুক্ষেতে কচুর লতি তুলতে যান।

কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, তাঁর নাতি অনেক কান্নাকাটি করছে। এরপর তিনি বাড়িতে ফিরে এসে দেখেন, পুত্রবধূ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, গৃহবধূ ও তাঁর শাশুড়ির মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ হতো। তবে এ ঘটনার সঙ্গে ওই বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছে।

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এদিকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *