সাতকানিয়া কেরানীহাটে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আবদুল আজিজ:

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মডেল মসজিদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জাতীয় পতাকা, সংগঠনের পতাকাসহ বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কয়েক হাজার ছাত্র-জনতা অংশ নেন।

পরে র‍্যালিটি কেরানীহাট চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক হয়ে স্থানীয় সি-ওয়ার্ল্ড চত্বরে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাসের।

প্রধান অতিথি অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাসের বলেন, প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার্পণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ দেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শত জুলুম ও নির্যাতনের মধ্য দিয়েও ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে ছাত্রশিবির আজ একটি অপরাজেয় কাফেলায় রূপ নিয়েছে। একটি সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফভিত্তিক এবং আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি ছাত্রসমাজকে সব ধরনের বিভেদ ভুলে দেশ গঠনের কাজে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বলেন, গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং এই কাফেলাই আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে। সকল প্রকার অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

জেলা সেক্রেটারি ডি. এম. আসহাব উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক নুরুল হক, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ, সাবেক জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি এবিএম শহীদুল্লাহ, তৈয়ব হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *