সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উদ্যোগে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে নগরবাসী সরাসরি পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরার সুযোগ পান।

মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ওপেন হাউজ ডে-তে অংশ নেওয়া বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের জনবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশী নগরবাসী।

সিএমপির এ উদ্যোগকে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বৃদ্ধির একটি কার্যকর পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *