ব্যুরো চিফ, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাহেব আলীর ওপর গুলিবর্ষণের ঘটনায় রনি ও আসলামের নাম উঠে এসেছে। তবে হামলার কারণ এবং এতে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। পরে সাহেব আলী পাশের একটি খালে পড়ে গেলে তাঁকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। সব মিলিয়ে তাঁকে তিনটি গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কোন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
র্যাব সূত্রে জানা গেছে, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হামলার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।