সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে এলাকায় মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নির্দেশনায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ১৩১ (একশত একত্রিশ) পুড়িয়া হেরোইন ও ২১০ (দুইশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্যগুলো জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও একই দিনে পরিচালিত পৃথক অভিযানে চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ফলে মঙ্গলবারের অভিযানে মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর ফলে অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, সমাজকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “মাদক ব্যবসায়ী কিংবা যেকোনো অপরাধীর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় অপরাধ অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।