সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী একাধিক মামলার ২ এজাহারনামীয় আসামি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

০১ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পৃথক পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ বসতবাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
১। সাইফুল ইসলাম রাহুল (২৭), পিতা মোঃ মাসুদ মিয়া, সানারপাড় (০৩নং ওয়ার্ড), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। তিনি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলার এফআইআর নং-১৮, তারিখ ২৩ আগস্ট ২০২৪-এর ১৯ নং এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলাও রয়েছে।

২। মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা মৃত আঃ রব বেপারী, গোদনাইল সৈয়দপাড়া (০৮নং ওয়ার্ড), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। তিনি একই থানার বৈষম্যবিরোধী মামলার এফআইআর নং-১৫, তারিখ ১৫ নভেম্বর ২০২৪-এর ৪৩ নং এজাহারনামীয় আসামি।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *