সোনাইমুড়ীতে ঘুষ দাবির অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের দাবি গ্রাহকের

মাকসুদ আলম, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট বাজার এলাকায় ঘুষের টাকা না দেওয়ায় এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ও তার খুলে নেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মান্নান।

ভুক্তভোগী আব্দুল মান্নান ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বিদ্যুৎ মিটারের সংযোগের জন্য দীর্ঘদিন আগে প্রয়োজনীয় টাকা জমা দেন তিনি। তবে সংযোগ স্থাপনের জন্য বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ী জোনাল অফিসের সংশ্লিষ্ট লাইনশ্রমিক বেল্লাল হোসেন ওরফে মিলন তাঁর বাড়িতে যান। এ সময় সংযোগের কাজ করে দেওয়ার বিনিময়ে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ করেন আব্দুল মান্নান।

অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে নতুন সংযোগ দেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে ওই কর্মী চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আব্দুল মান্নান বাধা দিলে তাঁকে কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে বেল্লালের বিরুদ্ধে। পরে বেল্লালকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ তুলে উল্টো আব্দুল মান্নানের চালু থাকা দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে মিটার ও সংযোগের তার খুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।

সংযোগ বিচ্ছিন্নের সময় সোনাইমুড়ী জোনাল অফিসের সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল, সহকারী জুনিয়র প্রকৌশলী মহিউদ্দিন, লাইনম্যান টেকনিশিয়ান সাইফুল্লাহ পারভেজ, লাইনম্যান হারুন এবং স্থানীয় রথি গ্রামের নুর হোসেন ওরফে ইলেকট্রিশিয়ানসহ ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান আব্দুল মান্নান। তিনি পল্লী বিদ্যুতের চেয়ারম্যান ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ছাড়া বেল্লাল হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে বিভিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, এ বিষয়ে একাধিক অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কর্তৃপক্ষের কেউ জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাইমুড়ী জোনাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার (এজিএম-কম) সুমন ভৌমিক বলেন, ঘুষ দাবির বিষয়টি তাঁর জানা নেই। নিয়মবহির্ভূতভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকলে অথবা কোনো কর্মচারীর বিরুদ্ধে ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিধি অনুযায়ী পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *