সৌদিতে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা জরিমানা ৩৮০০ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক:

গাড়ির ডিকিতে লুকিয়ে ৩৮০ লিটার জমজমের পানি সৌদি আরব থেকে পাচারের চেষ্টার দায়ে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। একই সঙ্গে জব্দ করা হয়েছে পানির পুরো চালান।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহদ কজওয়ে শুল্ক চেকপোস্টে ওই ব্যক্তিকে আটক করা হয়। গাড়ি তল্লাশি করে ডিকির ভেতরে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। তবে পানি বহনের বিষয়ে শুল্ক কর্তৃপক্ষের কাছে কোনো ঘোষণা দেননি ওই ব্যক্তি।

রিয়াদের দ্বিতীয় প্রাথমিক শুল্ক কমিটির এক রায়ে বলা হয়েছে, সৌদি আরবের প্রচলিত বিধি অনুযায়ী জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। এ ধরনের পণ্য ঘোষণা না করে দেশের বাইরে নেওয়ার চেষ্টা শুল্ক পাচার হিসেবে গণ্য হয়।

কমিটি জব্দ করা পানির সমমূল্য ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা হিসেবে আরোপের পাশাপাশি পুরো চালান বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় সরকারি কৌঁসুলি ওই ব্যক্তির কারাদণ্ড, জরিমানা এবং জব্দ করা পণ্য বাজেয়াপ্তের আবেদন করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড না থাকায় কারাদণ্ডের আবেদন নাকচ করে দেয় কমিটি। কমিটির মতে, জরিমানা ও পণ্য বাজেয়াপ্তের শাস্তিই এ ক্ষেত্রে যথেষ্ট।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর অভিন্ন শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ ধারার আওতায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক পাচারের সংজ্ঞা এবং এ-সংক্রান্ত অপরাধের শাস্তির বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *