আন্তর্জাতিক ডেস্ক:
স্ত্রীর মৃত্যুর একদিন পর শারীরিক অসুস্থতা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার রাতে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী সুফি ইউসুফ।
সুফি ইউসুফ এএফপিকে জানান, মঙ্গলবার রাতে মাহাথিরকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তার শরীরে নির্দিষ্ট কোনো রোগ বা শারীরিক সমস্যা শনাক্ত করতে পারেননি। তবে স্ত্রীর মৃত্যুর পর পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ায় তিনি ক্লান্তি ও অসুস্থতা বোধ করছিলেন।
গত ২৮ সেপ্টেম্বর মাহাথির মোহাম্মদের সঙ্গে প্রায় সাত দশকের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে মারা যান তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী। ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করা সিতি হাসমাহ ছিলেন পেশায় চিকিৎসক এবং মালয়েশিয়ায় জনস্বাস্থ্যসেবার অন্যতম মুখ্য প্রবক্তা। এই দম্পতির সাত সন্তান রয়েছে।
মাহাথিরের সহকারী বলেন, মানসিক চাপ, গরম আবহাওয়া ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে ১০১ বছর বয়সী মাহাথির অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মাহাথির দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। অতীতে তার বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত মাহাথির। সিতি হাসমাহর শেষকৃত্যে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার উপস্থিত ছিলেন। মাহাথিরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তাকে রাজাকে অশ্রুসজল চোখে বলতে দেখা যায়, ‘আমি তার মৃত্যু প্রত্যাশা করিনি।’
১৯৮১ সালে মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মাহাথির মোহাম্মদ। নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ৯২ বছর বয়সে ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান হিসেবে পরিচিতি পান।