জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আবদুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।
অন্যদিকে, তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদের বিবরণী এবং মাঠপর্যায়ে অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় পৃথক দুটি মামলা করা হয়েছে।