স্বামীর সঙ্গে আলাদা থাকছেন ন্যান্সি, বিচ্ছেদের খবর নাকচ

বিনোদন ডেস্ক:

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি স্বামী ও গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের খবর নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, তাদের মধ্যে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি; আপাতত তারা আলাদা থাকছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে ন্যান্সি জানান, মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পোস্টে তাদের একসঙ্গে পথচলার সমাপ্তির কথাও উল্লেখ করেন। এরপর বিষয়টি ঘিরে শোবিজ অঙ্গনে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরে ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন ন্যান্সি। এ নিয়ে নানা আলোচনা চলার মধ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একটি বেসরকারি গণমাধ্যমের কাছে বিষয়টি পরিষ্কার করেন তিনি।

ন্যান্সি বলেন, ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেওয়া এবং অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়টি সত্য। তবে এর পেছনে কারণ রয়েছে। পোস্টে ‘আলাদা’ হওয়ার কথা বললেও সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা তিনি বুঝতে পারেননি। বিভ্রান্তি এড়াতেই পোস্টটি সরিয়ে নিয়েছেন।

অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কারণ হিসেবে তিনি জানান, পোস্ট মুছে ফেলার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য ও আলোচনা চলছিল। এ কারণে তিনি অ্যাকাউন্টটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে ন্যান্সি বলেন, আলাদা থাকা আর ডিভোর্স এক বিষয় নয়। তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। আপাতত মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন তিনি। মান-অভিমান থেকেও মানুষ আলাদা থাকতে পারে বলে মন্তব্য করেন এই শিল্পী।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *