হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে সাতকানিয়ায় ৪১টি অবৈধ ইটভাটা চালুর অভিযোগ

কামরুল ইসলাম:

সারাদেশে অবৈধ ও লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উচ্চ আদালত। তবে আদালতের নির্দেশনার পরও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৪১টি অবৈধ ইটভাটার কার্যক্রম চলমান থাকার অভিযোগ উঠেছে। এতে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশসচেতন মহল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতকানিয়া উপজেলায় মোট ৭০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২৯টি বৈধ এবং বাকি ৪১টি অবৈধ বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানার পরও কার্যক্রম বন্ধ না হওয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি সারাদেশে লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের এ নির্দেশনার পর সাতকানিয়ার অবৈধ ইটভাটাগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বক্তব্য জানা যায়নি।

পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত থাকলে সাতকানিয়ার পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে। তাই আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এখন স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, হাইকোর্টের নির্দেশনার পর সাতকানিয়ার ৪১টি অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসন কী পদক্ষেপ নেবে? নাকি আগের মতোই নানা কারণে এসব ইটভাটার কার্যক্রম চলতে থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *