ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। বিজিবির আত্মরক্ষামূলক গুলিতে এক ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপি এলাকার জলজলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। একই দিন সকাল ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে একটি টহলদল। এ সময় চোরাচালানের পণ্য আটক করা হয়। পরে আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবির টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলাকারীদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিও ছোড়া হয়। তবে সতর্কবার্তা উপেক্ষা করে হামলাকারীরা পুনরায় আক্রমণ করলে এক বিজিবি সদস্য আহত হন।
এ অবস্থায় নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করেন বিজিবি সদস্যরা। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।