হেটমায়ারের সেঞ্চুরিও হলো ব্যর্থ, মিরাজের দিনে গায়ানার বিদায়

স্পোর্টস ডেস্ক:

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দাপট দেখানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারেনি। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে হেরেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পেয়েছিল তারা। তবে মেহেদি হাসান মিরাজের গায়ানা এবারও ব্যর্থ হয়েছে। শিমরন হেটমায়ারের সেঞ্চুরি ম্লান করে ৫ উইকেটে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে জ্যামাইকা কিংসম্যান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালে ওঠার লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা। হেটমায়ারের ৪৫ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে তারা ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে। তবে মিরাজ ও শামার জোসেফদের বিবর্ণ বোলিংয়ে সেই সংগ্রহও যথেষ্ট হয়নি। মাজ সাদাকাত ও রভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে জ্যামাইকা।

ব্যাটিংয়ে আগের ম্যাচগুলোতে সুযোগ পেয়েও কার্যকর কিছু করতে পারেননি মিরাজ। তবে বোলিংয়ে গায়ানার জার্সিতে প্রথম তিন ম্যাচেই ৯ উইকেট শিকার করেছিলেন তিনি। সর্বশেষ লো-স্কোরিং ম্যাচের পর এ ম্যাচেও উইকেটশূন্য থাকলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

জ্যামাইকার বিপক্ষে ৪ ওভার বল করে ৪৩ রান খরচ করেন মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মাজ সাদাকাতের কাছে দুটি ছক্কা ও একটি চার হজম করে দেন ১৮ রান। পরে তার ওভারের শেষ দুই বলে আরও দুটি ছক্কা হাঁকান সাইম আইয়ুব।

এর আগে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি মিরাজ। ২০ রানের মধ্যেই গায়ানা হারায় ২ উইকেট। এরপর শাই হোপের ৩৩ বলে ৪০ এবং হেটমায়ারের ৪৫ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংসে বড় সংগ্রহ পায় গায়ানা। কুয়েন্টিন স্যাম্পসনের ১৭ বলে ২৯ রানের কার্যকর ইনিংসেও দুইশ ছাড়ায় দলটির সংগ্রহ।

লক্ষ্য তাড়ায় দলগত পারফরম্যান্সে জয় তুলে নেয় জ্যামাইকা। মাজ সাদাকাত ৪১, ম্যাকেঞ্জি ৩৪ এবং কেসি কার্টি ৫৬ রান করে জয়ের ভিত গড়ে দেন। পরে রভম্যান পাওয়েলের ১৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে জ্যামাইকা কিংসম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *