১০ বছর পর ওটিটিতে মুক্তি পাচ্ছে রাজ-তুষির প্রথম সিনেমা

বিনোদন প্রতিবেদক:

এক দশক আগে যে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন শরীফুল রাজ ও নাজিফা তুষি, সেই ‘আইসক্রিম’ আবারও দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি দীর্ঘ ১০ বছর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

চরকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

‘আইসক্রিম’কে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন শরীফুল রাজ। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানান, ১০ বছর আগের রাজ আর বর্তমানের রাজের মধ্যে নিশ্চয়ই পরিবর্তন এসেছে। আজকের শরীফুল রাজ হয়ে ওঠার পেছনে ‘আইসক্রিম’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রথম সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে নাজিফা তুষির স্মৃতিতেও রয়েছে নানা অনুভূতি। তাঁর ভাষায়, সিনেমা যে একটি বড় ক্যানভাস, তা না বুঝেই, না জেনেই তিনি সেই ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলেন। তবে সে সময় অল্প ধারণা থাকলেও তাঁর মনে হয়েছিল, ‘আইসক্রিম’ একটি ভালো প্রকল্প এবং রেদওয়ান রনি একজন ভালো নির্মাতা।

‘আইসক্রিম’ সিনেমায় রাজ ও তুষির পাশাপাশি অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।

সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *