নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে জাপানের সঙ্গে কর্মসংস্থানবিষয়ক একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর, যা পরে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর বিধান রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রায় এক বছরের আলোচনার পর দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, চুক্তির মাধ্যমে জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানো হবে। এর ফলে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, তুলনামূলক ভালো বেতন এবং দীর্ঘমেয়াদে জাপানে বসবাসের সুযোগ তৈরি হতে পারে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার কথা রয়েছে। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা, বৈষম্যের শিকার করা কিংবা জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বিধানও রাখা হয়নি বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।