অনলাইন ডেস্ক:
আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। তবে দিনটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি কি না, তা নিয়ে অনেকের মধ্যে আগ্রহ রয়েছে।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি নির্ধারিত রয়েছে।
দেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ২৩ সেপ্টেম্বরের ছুটি পাবেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ছুটির তালিকা অনুযায়ী এদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহ। দেশের পিটিআইগুলোতে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। ফলে তাদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে।
তবে সরকারি কর্মজীবীদের কেউ চাইলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ফাতেহা-ই-ইয়াজদাহমের ঐচ্ছিক ছুটি গ্রহণ করতে পারবেন।
বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও ২৩ সেপ্টেম্বর সাধারণ সরকারি ছুটি নয়। ফলে ব্যাংক, বীমা, করপোরেট অফিসসহ বিভিন্ন বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম অনুযায়ী স্বাভাবিক কার্যক্রম চলবে।
অর্থাৎ, ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য ছুটি থাকলেও এটি সবার জন্য প্রযোজ্য সাধারণ সরকারি ছুটি নয়।