বিনোদন ডেস্ক:
মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২১ আগস্ট। আর মুক্তির ২৬ দিনেই বিশ্বব্যাপী ৩১০ কোটি রুপির বেশি আয় করে মালয়ালম সিনেমায় নতুন রেকর্ড গড়েছে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’।গিরিশ এ. ডি. পরিচালিত সিনেমাটি বর্তমানে মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা সিনেমা। সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ২৬ দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৩১০ কোটি রুপি ছাড়িয়েছে। এর দুই দিন আগে এটি মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙে দেয়।এর আগে এই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১: চন্দ্রা’র দখলে। সিনেমাটি ৩০২ কোটি রুপি আয় করেছিল। এটি মুক্তি পেয়েছিল ২০২৫ সালের আগস্টে।মালয়ালম সিনেমায় বর্তমানে সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘এল ২: এম্পুরান’ ও ‘থুডারুম’। সিনেমা দুটির আয় যথাক্রমে ২৬৫ কোটি ও ২৩৪ কোটি রুপি।‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প আবর্তিত হয়েছে অসম বয়সের প্রেমকে ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পড়ে পুরোনো প্রেমিক জাস্টিনের কথা।দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে অ্যাশলির পরিচয় হয়। সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি নিয়ে আসে। বয়সের বড় ব্যবধান সত্ত্বেও তারা প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে। তবে পরিবার ও সমাজের বিরোধিতায় সেই সম্পর্ক ভেঙে যায়।অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন। ফলে দুজন আলাদা হয়ে যায়। অনেক দিন পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে আবার তাদের দেখা হয়। তখন দুজনেই বুঝতে পারে, কেউই আসলে একে অন্যকে ভুলতে পারেনি। তাদের সম্পর্কের পরিণতি জানতে হলে দেখতে হবে সিনেমাটির শেষ পর্যন্ত।সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা ও বিনয় ফোর্টসহ অনেকে।সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেতা ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও স্যাম পুশকার।মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি ইতিবাচক সাড়া পাচ্ছে। আইএমডিবিতে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর রেটিং ৮ দশমিক ৩। বিভিন্ন গণমাধ্যমের পর্যালোচনাতেও সিনেমাটির প্রশংসা করা হয়েছে।