২৮ বছরে গুগল, বিশেষ ডুডলে স্মরণ দীর্ঘ পথচলা

আইটি ডেস্ক:

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল আজ রোববার ২৮তম জন্মদিন উদযাপন করছে। এ উপলক্ষে গুগলের হোমপেজে বিশেষ একটি ডুডল প্রকাশ করা হয়েছে। ডুডলটিতে গুগলের শুরুর দিকের নস্টালজিক একটি লোগো তুলে ধরা হয়েছে, যা প্রতিষ্ঠানটির ২৮ বছরের পথচলাকে স্মরণ করিয়ে দিচ্ছে।

গুগল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। সে সময় ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী।

গুগলের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির যাত্রার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয় ১৯৯৮ সালের আগস্টে। ওই সময় সান মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেকটলশেইম ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে এক লাখ ডলারের একটি চেক দেন। এর মধ্য দিয়েই গুগল ইনকরপোরেটেডের আনুষ্ঠানিক যাত্রার ভিত্তি তৈরি হয়।

গুগল কেন ২৭ সেপ্টেম্বর জন্মদিন হিসেবে পালন করে, তার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি পরিষ্কার নয়। প্রতিষ্ঠানটি শুরুর দিকে সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

তবে ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর ধারাবাহিকভাবে গুগলের জন্মদিন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ধারণা করা হয়, ২০০৬ সালের সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে গুগলের ওয়েব সার্চ ইনডেক্সে হওয়া বড় ধরনের অগ্রগতির সঙ্গে তারিখটির সম্পর্ক থাকতে পারে।

তারিখ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা থাকলেও জন্মদিন উদযাপনের মাধ্যমে নিজেদের দীর্ঘ পথচলার দিকে ফিরে তাকানোর সুযোগ পায় গুগল।

একটি সাধারণ সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করা গুগল বর্তমানে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপস, অ্যান্ড্রয়েড ও পিক্সেল ফোনসহ বিভিন্ন পণ্য ও সেবা এখন প্রতিষ্ঠানটির পরিসরের অংশ।

এ ছাড়া গুগল বর্তমানে জেমিনি প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কাজ করছে।

প্রতিষ্ঠানটি বর্তমানে এর মূল কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেটেডের অধীনে পরিচালিত হচ্ছে। গুগলের বিভিন্ন সেবা ও ব্যবসা পরিচালনার জন্য ২০১৫ সালে অ্যালফাবেট প্রতিষ্ঠা করা হয়।

২৮তম জন্মদিনের বিশেষ ডুডলটি মূলত গুগলের শুরুর দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। একটি ছোট সার্চ ইঞ্জিন থেকে কীভাবে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই দীর্ঘ যাত্রার প্রতীক হিসেবেই ডুডলটি তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *