৪৫৯ শ্রমিককে স্থায়ী করলেন মেয়র শাহাদাত হোসেন, চসিকে আনন্দের জোয়ার, শ্রমিকদের চোখে স্বস্তির অশ্রু

মোঃ সোহেল:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাধারণ শ্রমিকদের জন্য এক ঐতিহাসিক দিনের সাক্ষী হলো নগরবাসী। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের অবসান ঘটিয়ে একযোগে ৪৫৯ জন শ্রমিককে স্থায়ী করে মানবিক ও সাহসী সিদ্ধান্তের নজির স্থাপন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। চাকরি স্থায়ী হওয়ার খবরে শ্রমিকদের মাঝে বইছে আনন্দের জোয়ার, অনেকের চোখে দেখা গেছে স্বস্তির অশ্রু।

বছরের পর বছর অস্থায়ীভাবে কর্মরত এসব শ্রমিক ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছিলেন। অবশেষে সেই দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিল বর্তমান নগর প্রশাসন।

এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“চসিকের পরিচ্ছন্নতা ও সেবামূলক কার্যক্রমে শ্রমিকদের অবদান অপরিসীম। যারা বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, চাকরি স্থায়ী হওয়ায় তারা আরও উৎসাহ ও দায়িত্ববোধ নিয়ে নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবেন।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও শ্রমিকবান্ধব নীতিতে কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।”

চাকরি স্থায়ী হওয়া শ্রমিকদের একজন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“অনেক বছর অনিশ্চয়তার মধ্যে কাজ করেছি। আজ আমাদের জীবনে নিরাপত্তা ফিরে এসেছে। পরিবার নিয়ে নিশ্চিন্তে বাঁচতে পারব—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

আরেক শ্রমিক বলেন,
“মেয়র সাহেব আমাদের কষ্ট বুঝেছেন। এই সিদ্ধান্ত শুধু চাকরি নয়, আমাদের সম্মানও ফিরিয়ে দিয়েছে।”

শ্রমিক নেতারাও এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও মানবিক আখ্যা দিয়ে মেয়রকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই উদ্যোগ চসিকের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

বিশ্লেষকদের মতে, একসঙ্গে এতসংখ্যক শ্রমিককে স্থায়ী করার সিদ্ধান্ত শুধু শ্রমিকদের জীবনে স্বস্তি ফেরায়নি, বরং নগর পরিচালনায় স্থিতিশীলতা ও পেশাদারিত্ব আরও বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *