৪৭তম বিসিএসে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত চকরিয়ার কৃতিসন্তান ইয়াছিন আরফাত

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কৃতিসন্তান মো. ইয়াছিন আরফাত সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

জানা যায়, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের বাসিন্দা মো. ইয়াছিন আরফাত ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০১৬ ব্যাচের শিক্ষার্থী এবং আবুল কাশেম ও মমতাজ বেগমের সন্তান।

পরিবারের সদস্যদের ভাষ্য, ছোটবেলা থেকেই ইয়াছিন আরফাত মেধাবী, অধ্যবসায়ী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাসের ফলেই তিনি বিসিএসে এই সাফল্য অর্জন করেছেন।

ইয়াছিন আরফাতের মামাতো ভাই সাংবাদিক ফয়সাল আলম সাগর বলেন, “লক্ষ্যে পৌঁছানোর নিয়ত ও দৃঢ় সংকল্প থাকলে সফলতা আসবেই। এটি শুধু ইয়াছিন আরফাতের ব্যক্তিগত সাফল্য নয়, আমাদের পুরো পরিবারের জন্যও গর্বের একটি মুহূর্ত। তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস আজ সার্থক হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “তাঁর এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাআলা তাঁর আগামী পথচলা আরও সুন্দর, সফল ও কল্যাণময় করুন। তিনি যেন দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ শিক্ষক হিসেবে অবদান রাখতে পারেন, সেই দোয়া করছি। সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।”

ইয়াছিন আরফাতের এই অর্জনে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তিনি তাঁর মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উল্লেখ্য, সরকারি কর্ম কমিশন (পিএসসি) সম্প্রতি ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *