৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, জামালপুরে অটোরিকশাচালক আটক

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫৭) নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আটক সাদুল্লাহ ওই এলাকার হাফিজলের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাদারগঞ্জ উপজেলার কোয়ালীকান্দী বাজারে কয়েকজনের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে একটি জীবন্ত শালিক পাখি খাওয়ার কথা বলেন সাদুল্লাহ। একপর্যায়ে তিনি পাখিটি খেয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। বুধবার সকালে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, সকালে ফেসবুকে জীবন্ত পাখি খাওয়ার একটি ভিডিও দেখেন তিনি। ভিডিওতে এক ব্যক্তিকে পাখিটির পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলার পর সেটি ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখা যায় বলে তাঁর দাবি। এ সময় ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়েছিলেন এবং কেউ কেউ উল্লাস করছিলেন বলেও জানান তিনি।

জেলার পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিহঙ্গ’-এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন বলেন, জীবন্ত বন্যপ্রাণী খাওয়ার এমন ঘটনা উদ্বেগজনক। তাঁর মতে, বন্যপ্রাণী ধরা ও হত্যা বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্লাহকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তাঁরা থানায় এলে আটক ব্যক্তিকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, সাদুল্লাহর সঙ্গে বাজি ধরেছিলেন—এমন কাউকে এ ঘটনায় আটক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *