মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের অপরাজিতা নগর বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নূর কুতুবুল আলম। তিনি প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক গঠনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্বের বিষয়েও জোর দেন।
অপরাজিতা নগর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বুধবার ফাইনাল খেলা শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।