নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কদমতলী থানার নুরপুর সাহারা মসজিদ রোড এলাকায় রাস্তা কেটে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন নুরপুর সাহারা মসজিদ রোডে একদল ব্যক্তি রাস্তা কেটে অনুমোদন ছাড়াই গ্যাসের লাইন স্থাপনের কাজ করছিল। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী সৈয়দ শাফায়েত আলী ঘটনাস্থলে যান।
তার সঙ্গে থাকা সহকর্মীদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। পরে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হলে তারা বৈধ কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে কদমতলী থানা পুলিশের সহায়তায় তাদের থানায় নেওয়া হয় এবং ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের অনুমতি ছাড়া সরকারি রাস্তা কেটে গ্যাস সংযোগ স্থাপন করা হয়েছে, যা জননিরাপত্তা ও সরকারি সম্পদের জন্য ঝুঁকিপূর্ণ।
তবে অভিযোগ দায়েরের পরও অবৈধ গ্যাস সংযোগ বন্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অভিযুক্ত চক্র এখনও এলাকায় সক্রিয় রয়েছে এবং প্রকাশ্যেই অবৈধ সংযোগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও অভিযান বা কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিস্তার থামছে না। এতে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্ত, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।