অষ্টগ্রামে নির্যাতনের অভিযোগে আনু মিয়া ও মানবাধিকার সংগঠনের পৃথক লিখিত অভিযোগ

বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিয়ে যাওয়া আনু মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এসআই মোজাম্মেলসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আনু মিয়া এবং বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির অষ্টগ্রাম উপজেলা শাখা পৃথকভাবে সহকারী পুলিশ সুপার, অষ্টগ্রাম সার্কেল, কিশোরগঞ্জের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে দিয়ে আগের বক্তব্য পরিবর্তন ও পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করানোর জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে দৈনিক ইনকিলাবের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মো. নাদিরুজ্জামান আজমলের বিরুদ্ধে।

২৭ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া ভুক্তভোগী আনু মিয়ার লিখিত অভিযোগে ঘটনার বিস্তারিত তুলে ধরে এসআই মোজাম্মেলসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। একই দিনে মানবাধিকার সংগঠনটির পক্ষ থেকেও পৃথক লিখিত আবেদন করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক এ আর সুমন আবেদনে স্বাক্ষর করেন।

ভুক্তভোগী আনু মিয়ার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর অষ্টগ্রাম বড়বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। পরদিন ১০ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলে উদু মিয়ার ছেলে শহীদ মিয়া তাঁকে রাস্তায় আটকান। পরে তাঁর ফোন পেয়ে অষ্টগ্রাম থানার এসআই মোজাম্মেলসহ ৪-৫ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে একটি ছবি দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ছবির বিষয়ে কিছু জানেন না বলার পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

আনু মিয়ার দাবি, থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মো. রুকনুজ্জামানের সামনে হাজির করার পর এসআই মোজাম্মেলসহ দুই পুলিশ সদস্য তাঁকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে বুকে পা দিয়ে চাপ প্রয়োগ করে চুরির সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। এমনকি স্বীকারোক্তি দিলে ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও তাঁকে বলা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তবে নিজেকে নির্দোষ দাবি করে মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানান আনু মিয়া।

তাঁর অভিযোগ, এ ঘটনার পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন বিছানা থেকে ঠিকমতো উঠতে পারেননি।

অন্যদিকে, গত ২৫ নভেম্বর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নতুন করে চাপের মুখে পড়েন বলে অভিযোগ করেন আনু মিয়া। তাঁর ভাষ্য, ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে দৈনিক ইনকিলাবের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মো. নাদিরুজ্জামান আজমল তাঁর বাড়িতে গিয়ে আগের বক্তব্য পরিবর্তন করতে এবং পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করতে চাপ প্রয়োগ করেন। এ সময় তাঁর কারণে সাংবাদিক আল-আমিন ও সাখাওয়াতকে থানায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলেও বলা হয় বলে অভিযোগ করেন তিনি। তবে নিজের ওপর ঘটে যাওয়া ঘটনার সত্যতা অস্বীকার করতে রাজি হননি বলে জানান আনু মিয়া।

ভুক্তভোগী তাঁর আবেদনে শারীরিক অসুস্থতা, আর্থিক অসচ্ছলতা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে না পারার বিষয়টিও উল্লেখ করেন।

এদিকে, মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে দেওয়া পৃথক আবেদনে আনু মিয়ার অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ঘটনার সময়কার থানার সিসিটিভি ফুটেজ, হাজত ও ডিউটি রেজিস্টারসহ প্রাসঙ্গিক নথিপত্র সংরক্ষণ ও যাচাইয়ের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা পরীক্ষা, সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও সাংবাদিক মো. নাদিরুজ্জামান আজমলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় সাক্ষীদের বক্তব্য গ্রহণের আহ্বান জানানো হয়।

মানবাধিকার সংগঠনটির সাধারণ সম্পাদক এ আর সুমন বলেন, একজন নাগরিকের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। একই সঙ্গে অভিযোগকারী যেন কোনো ধরনের চাপ বা হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এসআই মোজাম্মেল, তৎকালীন ওসি মো. রুকনুজ্জামান এবং সাংবাদিক মো. নাদিরুজ্জামান আজমলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *