নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
সোমবার (১২ অক্টোবর) দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুসের ঘোষণা অনুযায়ী, গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটির হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।