হাসান আলী:
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোছাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। মিছিলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আজিজুর রহমান মোছাব্বির হত্যার দ্রুত বিচার, খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, দেশে বিরোধী দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার জন্য মারাত্মক হুমকি।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আজিজুর রহমান মোছাব্বির ছিলেন একজন সাহসী ও ত্যাগী সংগঠক। রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কারণেই তাকে সন্ত্রাসীরা নিশানা করেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে ভীত ও দুর্বল করার চেষ্টা করা হলেও নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যাকাণ্ড চালালেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় না আনলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও ঘোষণা দেন নেতারা।
বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের আবহ লক্ষ্য করা যায়।