আড়াইহাজার থানার পলাতক আসামি ইসমাঈল গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় মামলা হওয়ার পর কৌশলে পালিয়ে যাওয়া আসামি ইসমাঈল (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানাধীন খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন ১৩ জনের বিরুদ্ধে ২৯ মার্চ ২০২৬ তারিখে মামলা দায়ের করেন। মামলাটি নং-৩১, যার ধারাগুলো হলো ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৫০৬/১১৪ পেনাল কোড। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মন।

৩০ মার্চ বিকেলে এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ইসমাঈল থানায় হাজির হয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে জানতে পারেন। এরপর তিনি কৌশলে থানা থেকে বের হয়ে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন দ্রুত তাকে গ্রেফতারের নির্দেশ দেন এবং একাধিক টিম অভিযান শুরু করে।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বিষয়টি অবগত হয়ে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলামকে ঘটনার সত্যতা যাচাই ও আসামি গ্রেফতারের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল আড়াইহাজার থানার উচিৎপুর বাজার এলাকা থেকে ইসমাঈলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে ১ এপ্রিল ২০২৬ সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *